সোমবার, ২৫শে মে ২০২৬, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩


চরিত্র দিয়ে চমকে দিল ‘বনলতা সেন’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৮ মে ২০২৬, ১৪:০২

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদে মুক্তির মিছিলে যোগ দিয়েই আলোচনায় ‘বনলতা সেন’। প্রথম পোস্টার দিয়েই নজর কাড়ে। এবার চরিত্রের মুখ দেখিয়ে রীতিমতো চমকে দিয়েছে। তারপর থেকেই চলছে জোর চর্চা।

গতকাল রোববার সামাজিক প্রকাশ পায় ‘বনলতা সেন’-এর বিভিন্ন চরিত্রের পোস্টার। ক্যাপশনে লেখা হয়, ‘আমরা যাইনি ম’রে আজো-তবু কেবলি দৃশ্যের জন্ম হয়!’ যেখানে খায়রুল বাসারকে কবি জীবনানন্দ দাসের রূপে দেখে চোখ কচলে তাকাতে হয়েছে নেটিজেনদের।

অবয়বে ফুটে উঠেছে কবির সেই গাম্ভীর্য ও নির্লিপ্ততা। ‘এ যেন স্বয়ং জীবনানন্দ!’ এমন মন্তব্য করেছেন অনেকে। বিস্ময় প্রকাশ করেছেন ছবির নামভূমিকায় থাকা মাসুমা রহমান নাবিলাও।

নাবিলাকেও বাঙালির কল্পনায় প্রবলভাবে দাগ কাটা বনলতা সেন রূপে দেখে মুগ্ধ সবাই। হাতে গোলাপ, মাথার মুকুটে ময়ূরের পালক পরিহিত অভিনেত্রীকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সব রূপ রস এসে মিশেছে এখানে।

গেল ঈদে ‘রাক্ষস’ সিনেমায় দুর্ধর্ষ খল চরিত্রে রূপদানকারী সোহেল মণ্ডলকে দেখা গেছে মাহীনের চরিত্রে। পোস্টারে ধরা দিয়েছেন অশ্বারোহীর বেশে। মাথায় অ্যাংলো ইন্ডিয়ানদের হ্যাট,তামাটে চেহারায় নজর কেড়েছেন অভিনেতা।

এছাড়া বনলতা বন্দ্যোপাধ্যায় চরিত্রে প্রিয়ন্তী উর্বী, শোভনা চরিত্রে রূপন্তী আকিদকেও মনে ধরেছে নেটগরিকদের। একইভাবে মুগ্ধতা ছড়িয়েছে নাজিবা বাশার ও মাইমুনা ফেরদৌস মমর লুক। সামাজিক মাধ্যমে হচ্ছে প্রশংসিত।

‘বনলতা সেন’-এর পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকার সরকারি অনুদান পায় ছবিটি। গত বছর নির্মাতা জানিয়েছিলেন, সিনেমাটি নির্মাণে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। সময় বেশি লাগলেও যত্ন নিয়ে কাজ শেষ করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়