সোমবার, ২৫শে মে ২০২৬, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ রোববার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি। ঈদ উপলক্ষে দীর্ঘ এ ছুটিতে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
আগেই ঈদকে কেন্দ্র করে ছয় দিনের ছুটির ঘোষণা দিয়েছিল সরকার। পরে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি অনুমোদন দেওয়া হয়। এর পরিবর্তে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখা হয়।
পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ ছুটির সঙ্গে সমন্বয় করে কার্যক্রম সীমিত রাখবে।
তবে জরুরি সেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি খাতের কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক দায়িত্ব পালন করবেন। চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।
এদিকে দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে বেড়েছে যাত্রীচাপ। পরিবার-স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে ছুটছেন নগরবাসী।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।