রবিবার, ২৪শে মে ২০২৬, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩


রামিসার হত্যা ইস্যুতে ‘সিরিয়াল কিলার’ রসু খাঁর ঘটনা কেন সামনে আসছে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ মে ২০২৬, ২১:৪২

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

ঢাকার মিরপুরে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিতে চলছে নানা কর্মসূচি। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই পরিবারের সাথে দেখা করে দ্রুত বিচারের আশ্বাস দিচ্ছেন।

তবে বাংলাদেশে গত দুই দশকে খুন ও ধর্ষণের আলোচিত এমন অনেক ঘটনায় বিচার দীর্ঘদিন ধরে চলেছে বা চলছে এবং কিছু ক্ষেত্রে সাজা কার্যকর হতেও বছরের পর বছর চলে যাচ্ছে; এমন অবস্থায় রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

এসবের মধ্যে একটি আলোচিত ঘটনা - চাঁদপুরের ‘সিরিয়াল কিলার’ রসু খাঁ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সংবাদ মাধ্যমে তার নাম আবারো উঠে এসেছে আলোচনায়।

১১জন নারীকে হত্যা এবং হত্যার আগে ধর্ষণের মতো অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এখন থেকে ১১ বছর আগে, ২০১৫ সালে অধস্তন আদালতে ধর্ষণ ও হত্যার একটি মামলায় তার সাজা হয়েছিল। ওই ঘটনার ৯ বছর পর ২০২৪ সালে উচ্চ আদালতেও তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল।

ওই সময়ে বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে তাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করা হয় এবং তিনি আইনের অনুকম্পা পাওয়ার যোগ্য নন, সর্বোচ্চ শাস্তিই তার প্রাপ্য বলেও উল্লেখ করা হয়।

এরপর আরো প্রায় দুই বছর পার হলেও এখনো অনুষ্ঠিত হয়নি আপিল শুনানি, ফলে সাজাও কার্যকর হয়নি।

আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, মামলার দীর্ঘসূত্রতা ও আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে জটিলতার কারণে অনেক মামলা দুর্বল হয়ে পড়ে, একই সঙ্গে মামলার নিষ্পত্তিতে অনেক সময় লাগছে।

সূত্র: বিবিসি বাংলা

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়