বুধবার, ২৭শে মে ২০২৬, ১৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইল ছবি
বলিউডের ‘ব্যাড বয়’ খ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ। বরাবরই সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এমন এক অন্ধকার অধ্যায়ের কথা শেয়ার করেছেন, যা আগে কখনও প্রকাশ্যে আসেনি। একটি ড্রিম প্রজেক্ট বাতিল হয়ে যাওয়ার কষ্টকে ‘গর্ভপাত’-এর সঙ্গে তুলনা করেছেন এই পরিচালক।
ঘটনার সূত্রপাত সুকেতু মেহতার বিখ্যাত বই ‘ম্যাক্সিমাম সিটি’ অবলম্বনে একটি চিত্রনাট্য ঘিরে। প্রায় ৯০০ পাতার সেই বিশাল চিত্রনাট্য নিয়ে একটি সিরিজ নির্মাণের কথা ছিল অনুরাগের। কিন্তু সাইফ আলি খানের ‘তাণ্ডব’ সিরিজ নিয়ে বিতর্কের পর একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অনুরাগের সেই প্রজেক্টটি আটকে দেয়।
অনুরাগ জানান, ছবিটির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ নীরবতা তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। তিনি বলেন, ‘আমরা যখন নিজেদের কোনো ছবির কাছে সমর্পণ করে দিই, তখন সেই ছবিটা আমাদের কাছে সন্তানের মতো হয়ে ওঠে। এই যন্ত্রণা গর্ভপাতের মতো ছিল।’
তিনি জানান, সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছিল যে তাকে দীর্ঘ সময় ‘ব্লাড থিনার’ ও স্টেরয়েড নিতে হয়েছে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শুরু হয় হাঁপানি। এক পর্যায়ে বিষণ্নতায় ডুবে গিয়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন আর অতিরিক্ত মদ্যপানে আসক্ত হয়ে পড়েন তিনি।
সেই দুঃসহ সময়ে পরিচালক জয়া আখতারের এক ফোন কল তাকে অন্ধকার থেকে বের করে আনে। ‘মেড ইন হেভেন’ সিরিজে নিজের চরিত্রেই অভিনয়ের প্রস্তাব দেন জয়া। তখন অনুরাগ এতটাই অসুস্থ ছিলেন যে হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারতেন না। মূলত জয়ার অনুরোধেই দীর্ঘ বিরতির পর ঘর থেকে বের হয়েছিলেন এই ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ নির্মাতা।