বুধবার, ২৭শে মে ২০২৬, ১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইল ছবি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম বলেছেন, হজযাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া তাদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
এসময় উপস্থিত প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেন, আমরা দেখবো উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কিনা। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শন করে সরেজমিনে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করার আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া সভায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিশদ আলোচনা হয়।
অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।