সোমবার, ২৫শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইল ছবি
পবিত্র মক্কায় হজের উদ্দেশ্যে যাত্রার আগে হজযাত্রীদের পারমিট বা অনুমতির সত্যতা যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অফিশিয়াল হজ পারমিট সঙ্গে রাখা বাধ্যতামূলক। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, অনুমতি ছাড়া হজ নয়—এই নীতি মেনে চলা প্রতিটি হজযাত্রীর নিরাপদ ও আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভের প্রধান নিশ্চয়তা।
রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যথাযথ নিয়ম অনুসরণ করলে হাজিরা স্বাচ্ছন্দ্যে তাদের ধর্মীয় বিধি-বিধান পালন করতে পারবেন। এটি হজযাত্রীদের সুশৃঙ্খল চলাচল এবংহজ মৌসুমের সার্বিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিবৃতিতে আরও বলা হয়, হজ পারমিট মূলত ভিড় ব্যবস্থাপনা এবং পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের সুষম বণ্টনের একটি শক্তিশালী মাধ্যম। এই ব্যবস্থার ফলে মাঠপর্যায়ে সেবাদানকারী সংস্থাগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে পারে।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, নিয়ম অমান্য করলে কঠোর আইনি শাস্তির পাশাপাশি সাধারণ হজযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞাপন এবং লাইসেন্সবিহীন হজ কাফেলাগুলো থেকে হজযাত্রীদের সাবধান থাকতে বলা হয়েছে।
বিশ্বজুড়ে হজযাত্রীদের সচেতন করতে বিভিন্ন দেশের হজ বিষয়ক দপ্তরের সঙ্গে সমন্বয় বজায় রাখছে সৌদি সরকার। হজযাত্রীরা নিজ দেশ থেকে রওনা হওয়ার আগেই যেন সব নিয়মকানুন সম্পর্কে জানতে পারেন, সেই লক্ষ্যেই এই আগাম প্রচার চালানো হচ্ছে।