নোয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পুড়ে ছাই
প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩
আপডেট:
২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭
নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের একটি ভবনের নিচতলার একটি শ্রেণিকক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার বকশিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের মাঠে থাকা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল কাউছার বলেন, আগুনে শ্রেণিকক্ষটির ভেতরে থাকা ১৪ জোড়া বেঞ্চ, তিনটি বৈদ্যুতিক পাখা, শিক্ষকদের বসার চেয়ার ও টেবিল সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আগুনের ধোঁয়ায় পাশের শ্রেণিকক্ষগুলোর দেয়াল কালো হয়ে গেছে এবং পুড়ে যাওয়া কক্ষটির দেয়ালের পলেস্তারা খসে পড়েছে।
তিনি আরও জানান, এই বিদ্যালয় ভবনটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় না। তবে একই কম্পাউন্ডের ভেতরে অবস্থিত বীজবাগ এন কে উচ্চ বিদ্যালয় আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
স্থানীয় অভিভাবক সানা উল্লাহ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে এমন রহস্যজনক অগ্নিকাণ্ড আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন করা জরুরি, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।’
সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা মো. ইলিয়াছ বলেন, বিকেল ৫টা ২৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় ওই ভবনে বিদ্যুৎ সংযোগ চালু ছিল।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, বিদ্যুৎ সংযোগ থাকায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: