মঙ্গলবার, ২১শে এপ্রিল ২০২৬, ৮ই বৈশাখ ১৪৩৩
ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম।
নিহতরা হলেন—উত্তর শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। তারা সবাই স্থানীয় বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গেলে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়।
নিহত রবির বাবা রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি নিজের ছেলের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, নিহতদের পরিবারে চলছে আহাজারি।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, সকালে স্থানীয়রা পাহাড়ের পাশ থেকে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলেও তিনি উল্লেখ করেন। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি, যাদের সন্ধানে খোঁজ চলছে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)