সোমবার, ২৭শে এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ ১৪৩৩


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সুপারিশপ্রাপ্তদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৭ এপ্রিল ২০২৬, ১৫:১১

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও দীর্ঘদিন নিয়োগপত্র না পাওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন প্রার্থীরা। আজ (সোমবার) রাজধানীর মিরপুর-২–এ অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে তারা এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে প্রার্থীরা জানান, ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও তারা এখনো নিয়োগপত্রের অপেক্ষায় রয়েছেন। প্রয়োজনীয় সব যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও নিয়োগপ্রক্রিয়া ঝুলে থাকায় তারা চরম অনিশ্চয়তা ও মানসিক ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন।

তারা আরও উল্লেখ করেন, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা আশাবাদী হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে দুই দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো— চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত সব প্রার্থীকে অনতিবিলম্বে নিয়োগপত্র প্রদান এবং দ্রুততম সময়ের মধ্যে যোগদান ও পদায়নসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা।

এতে আরও বলা হয়, মানবিক ও ন্যায্য দিক বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হলে দীর্ঘদিনের অনিশ্চয়তা থেকে মুক্তি পাবেন প্রার্থীরা।

এর আগে, একই দাবিতে গতকাল রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্তরা। পরে আজ তারা মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে দাবি আদায়ে নতুন কর্মসূচি শুরু করেন। আন্দোলনের অংশ হিসেবেই তারা এই স্মারকলিপি জমা দেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়