বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ ১৪৩২
ছবি : সংগৃহীত
ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনের বাড্ডা বেরাইদের একেএম রহমত উল্লাহ কলেজ কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রটির ভোটার ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামও সকাল ৮টার দিকে এখানে ভোট দেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোটাররা কেন্দ্রে আসছেন। সকাল ৮টা থেকেই পুরুষ ও নারী ভোটারদের লম্বা লাইন দেখা যায়। ভোটারদের নিরাপদে ভোটদানের জন্য কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। র্যাব ও পুলিশের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক সেনাসদস্য মোতায়েন ছিল।
কেন্দ্রে ভোট দিতে আসা রহিমা খাতুন (৪৬) বলেন, জীবনের দ্বিতীয় ভোট দিয়েছি। আর আগে একবার ভোট দিয়েছিলাম। আওয়ামী লীগের আমলে যেসব ভোট হয়েছে আমি দেইনি। নির্বাচন ছিল না ঐসব। নির্বাচনে ভোট খুব ভালো হচ্ছে।
একই কেন্দ্রে জীবনের প্রথম ভোট দিতে আসা ভোটার রহিমা ইসাম বলেন, ভোট নিয়ে একটা আতঙ্ক ছিল, কিন্তু কেন্দ্রে এসে সব স্বাভাবিক মনে হয়েছে। পরিবেশ অনেক ভালো, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি আমি।
ভোটার মো. আব্দুল বলেন, নিরাপদ পরিবেশে ভোট দিয়েছি। ভিড় যেন না হয় তাই সকালে এসে ভোট দিয়েছি।
ঢাকা-১১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়েছেন ড. এম এ কাইয়ুম এবং ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিভিন্ন দলের আরও প্রার্থী মাঠে রয়েছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। নির্বাচনের দিন এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)