মঙ্গলবার, ২৬শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইল ছবি
ভারতীয় সংগীতের এক অবিস্মরণীয় অধ্যায়ের অবসান ঘটল। কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে ৯২ বছর বয়সে মুম্বাইয়ে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে সংগীতজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
গতকাল রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশা ভোসলে। আগের রাতেই অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সংক্রমণ ও বয়সজনিত জটিলতার সঙ্গে লড়াই করছিলেন তিনি; শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয় এই শিল্পীর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। এই শিবাজি পার্কেই শেষকৃত্য হয়েছিল তাঁর বড় বোন লতা মঙ্গেশকরের। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
গতকাল সন্ধ্যায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় লোয়ার পারেলের বাসভবনে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ভক্ত-অনুরাগীদের শেষশ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয়েছে সেখানে। গায়িকার ছেলে আনন্দ ভোসলে বলেন, ‘যাঁরা শেষ শ্রদ্ধা জানাতে চান, তাঁরা বেলা ১১টা থেকে তাঁর বাসভবনে আসতে পারেন।’ পরিবারের বিবৃতিতে জানানো হয়, ‘শেষদর্শন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, এরপর বিকেল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে।’
সাত দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে ১২ হাজারের বেশি গান গেয়েছেন আশা ভোসলে। হিন্দির পাশাপাশি ২০টিরও বেশি ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে শ্রোতাদের মন জয় করেছেন। গজল, শাস্ত্রীয়, আধুনিক—সব ঘরানাতেই ছিল তাঁর সমান দখল।
ভারতের চলচ্চিত্রজগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারসহ পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান আজও সমান জনপ্রিয়।
২০১২ সালের ৭ মার্চ ঢাকায় ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের ফাঁকে প্রথম আলোকে একান্ত সাক্ষাৎকার দেন কণ্ঠশিল্পী আশা ভোসলে
২০১২ সালের ৭ মার্চ ঢাকায় ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের ফাঁকে প্রথম আলোকে একান্ত সাক্ষাৎকার দেন কণ্ঠশিল্পী আশা ভোসলেছবি: খালেদ সরকার
আশার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা। শাহরুখ খান, কাজল, শ্রেয়া ঘোষাল, কারিনা কাপুর খান, ভিকি কৌশল, রাম গোপাল ভার্মা, আনু মালিক, কমল হাসান, জুনিয়র এনটিআরসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।
অভিনেতা মনোজ বাজপেয়ী লিখেছেন, ‘আমাদের অনেকের মতো আমিও আশাজির গান শুনে বড় হয়েছি। তাঁর কণ্ঠ আমাকে অনুপ্রাণিত করেছে এবং মুগ্ধ করেছে। তাঁর গান চিরকাল আমাদের সঙ্গে থাকবে।’ দক্ষিণি তারকা রামচরণ বলেছেন, ‘ভারতীয় সংগীতের জন্য এটি অপূরণীয় ক্ষতি। তাঁর কণ্ঠ ছিল খাঁটি জাদু।’
গতকাল রাত থেকেই আশা ভোসলের বাসভবনে ভিড় করেছেন বিশিষ্টজনেরা। তাঁদের মধ্যে ছিলেন জাভেদ আখতার, শাবানা আজমি, এ আর রাহমান, বিদ্যা বালনসহ আরও অনেকে।