সোমবার, ২৫শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনেকেই ভূমিকা রেখেছেন তবে একুশে টিভি সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচার করে সাহসী ভূমিকা রেখেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারস্থ একুশে টিভি ভবনে প্রতিষ্ঠানটির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চিফ হুইপ এসব কথা বলেন।
বর্ষপূর্তি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বিগত সরকারের সময় বাকস্বাধীনতা ছিল না। তখন তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল; এরকম কঠিন সময়ে তাঁর বক্তব্য প্রচার করে একুশে টিভি। এর জন্য একুশে টিভির বর্তমান চেয়ারম্যানকে জেলেও যেতে হয়।
গণমাধ্যমে ইতিবাচক সংবাদ প্রচার প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সংবাদমাধ্যমের উচিত সবসময় যৌক্তিক সমালোচনা করার পাশাপাশি ইতিবাচক ঘটনাগুলো তুলে ধরা। যেমন ইস্টার্ন রিফাইনারি বন্ধের সংবাদ মিডিয়ায় প্রচারিত হলেও তেলের দুটি জাহাজ বন্দরে খালাসের অপেক্ষায় থাকার সংবাদটি প্রচার পায়নি।
মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। এ প্রসঙ্গে চিফ হুইপ বলেন, নির্বাচিত হওয়ার কয়েক দিনের মাঝেই প্রধানমন্ত্রী আজ কৃষক কার্ডের উদ্বোধন করেছেন। এর আগে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের বেতন-ভাতা প্রদানসহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন কাজের উদ্বোধন করেছেন।
একুশে টিভির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একুশে টিভির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বক্তব্য রাখেন। একুশে টিভির সাংবাদিক ও কলাকুশলীসহ গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।