মঙ্গলবার, ২৬শে মে ২০২৬, ১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক নেতাদের নামে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে অব্যাহতভাবে নানান হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। এ ব্যাপারে ডেমরা থানায় অনলাইনে জিডি করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদ মাধ্যমে সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলের পাঠানো সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ওই জিডিতে বলা হয়েছে, বিগত দুই দশক ধরে দেশে যাত্রী নিরাপত্তা, দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে মো. মোজাম্মেল হক চৌধুরী মানুষের অধিকার নিয়ে কথা বলে আসছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে, পরিবহন মাফিয়ারাদের চাপে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী তাকে একাধিক মামলা দিয়েছেন, জেলে নিয়েছেন। নতুন সরকারের সময়ে যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কাজের অংশ হিসেবে বিগত ঈদুল ফিতরে বাড়তি ভাড়া ও ঈদের পরে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা পরিবহন মালিক, শ্রমিক ও নানামহল থেকে অব্যাহত হুমকি ধামকি দেওয়া হচ্ছে।
আরও বলা হয়, গতকাল ৩০ মার্চ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশের পর এলাকায় এলে দুপুরের পর থেকে কিছু অবাঞ্ছিত লোকজন তার গতিবিধি লক্ষ্য করছে। তার অফিস, বাসা, ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা, বিভিন্ন লোকজনের কাছে তার ও তার পরিবারের লোকজনের অবস্থান ও কর্মকাণ্ড সর্ম্পকে খোঁজ খবর নিচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি তার জীবনের নিরাপত্তায় স্থানীয় ডেমরা থানায় সাধারণ ডায়রি করেন।
এক অনলাইন ভিডিও বার্তায় তিনি তার জীবনের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।